Sylhet Today 24 PRINT

কর্মস্থলে না গেলে চাকরি হারাবেন চিকিৎসকরা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৯

কর্মস্থলে না থাকলে এবং সেবা না দিলে চিকিৎসক ও নার্সদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে তাদের চূড়ান্তভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডাক্তাদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করুন। চিকিৎসকদের ইন্টার্নিশিপ এখন থেকে দুই বছর করতে হবে। এর মধ্যে এক বছর অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি করতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, বিভাগীয় শহরগুলোতে বড় হাসপাতাল নির্মাণ করতে হবে। যাতে রাজধানীতে রোগীর চাপ কম পড়ে। রাজধানীর সেবা যেন তারা ওইসব হাসপাতালে পায় তেমন করে গড়ে তুলতে হবে। শুধু ওষুধ খাওয়ানো নার্সদের কাজ নয়, রোগীকে প্রকৃত সেবা দিতে হবে। সঠিক দায়িত্ব পালন না করলে নার্সদেরকেও সঙ্গে সঙ্গে অব্যাহতি দিন। রোগীর সেবা করাই ডাক্তার ও নার্সদের মূল কাজ। এটি করতে না পারলে এই পেশায় থাকার দরকার নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.