Sylhet Today 24 PRINT

মধ্যরাতে এমপি ও আ. লীগ নেতাদের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৯

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহম্মেদের বাসভবনের সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটানো হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও।

শনিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে পরপর এই বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, ভোর রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাসভবন ও তার ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ তারকা হোটেল 'জাবির ইন্টারন্যাশনাল, চাকলাদার ফিলিং স্টেশনসহ তার অনুসারী কয়েক নেতার বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পরে শহরের কাজীপাড়ায় স্থানীয় এমপি কাজী নাবিল আহম্মেদের বাসভবন ‘শাহেদ সেন্টারের’ সামনে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে নিজেদের শক্তি জাহির করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পুলিশ এসব বিষয়ে তদন্ত করছে।’

এদিকে শাহীন চাকলাদার ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১২টায় প্রতিবাদ মিছিল বের হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.