Sylhet Today 24 PRINT

টেকনাফে ইয়াবাসহ গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৯

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২০) ও সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৫৫)।

পুলিশের বলছে, টেকনাফের মিনাবাজার এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি এলজি অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় রুবেল ও রফিককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুজনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, গুলিবিদ্ধ দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াবার ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দু'টি দলের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে চারটি করে মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.