Sylhet Today 24 PRINT

ফের ৫০ হাজার টাকা ছাড়ালো স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৯

একমাসের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ১৫৫ টাকায়।

সোমবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সোনা রুপার দাম ওঠা-নামা করে। এ জন্য মঙ্গলবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দাম বলবত থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৬৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ১৫৫ টাকা। ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৮০৭ টাকা।

আর প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা। সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকায়, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আর প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ২৭ হাজার ৫৮৫ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত ২ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.