Sylhet Today 24 PRINT

শপথ নেওয়ার সিদ্ধান্তে অনড় সুলতান মনসুর

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাংসদদের শপথ না নেওয়ার পক্ষে জোটপ্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মত দিলেও না মানতে নারাজ ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুর আহমদ। কামাল হোসেনের আপত্তি সত্ত্বেও শপথ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলেই বৃহস্পতিবার জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক।

যদিও গণফোরামের আরেক প্রার্থী সিলেট-২ আসন থেকে নির্বাচিত সাংসদ মোকাব্বির খান দলীয় সিদ্ধান্ত মেনে শপথ না নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন।

শপথের ব্যাপারে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, 'গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রবীণ নেতা ও সংবিধান প্রণেতা। তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু একাদশ জাতীয় নির্বাচনের পর দলের বর্ধিত সভায় ড. কামাল সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। এখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেও নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'এখন আমি অসুস্থ। একটু সুস্থ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নেব।'

সুলতান মনসুর বলেন, 'অসুস্থ হওয়ার কারণে বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের বৈঠকে থাকতে পারিনি। তাই বৈঠকের সিদ্ধান্ত জানি না। তবে আমার দায়বদ্ধতা রয়েছে নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে। তারা শত প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণ চান দায়িত্ব পালনে সংসদে যাই। আর তার দায়িত্বও হচ্ছে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, তাদের পক্ষে ভূমিকা রাখা এবং তার রাজনৈতিক চিন্তা-ভাবনা ও আদর্শকে যথাযথ কাজে লাগানো। আর এসব বাস্তবায়নের জন্য একজন এমপি হিসেবে আমাকে শপথ নিতে হবে এবং জাতীয় সংসদে যেতে হবে।'

ড. কামাল হোসেন সংবাদমাধ্যমে যাই বলুক না কেন, তার অবস্থান সংসদে যাওয়ার পক্ষেই থাকবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.