Sylhet Today 24 PRINT

রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিসট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় আরসিবিসি এবং রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, উত্তর কোরিয়ান হ্যাকারদের সহায়তায় তহবিল চুরি করা হয়েছে। নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়ার জন্য ‘নেস্টেগ’ এবং ‘ম্যাকট্রাক’ নামে ম্যালওয়্যার ব্যবহার করেছিল তারা। আরসিবিসি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে নিউইয়র্ক থেকে ফিলিপাইনে টাকা নিয়ে যাওয়া হয়।

বুধবার মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে খবরের প্রতিক্রিয়ায় আরসিবিসি বলেছিল, ‘আমরা এই অভিযোগকে স্বাগত জানাচ্ছি, যেহেতু অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশ থেকে শুরু হওয়া ঘটনার শিকার আরসিবিসি আবারও নথি উপস্থাপনের সুযোগ পাচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল।  ভুয়া বার্তাটি ধরতে পারায় শ্রীলঙ্কা ২ কোটি ডলার আটকে দেয় এবং পরবর্তীতে তা ফেরত পাওয়া যায়। কিন্তু আরসিবিসির মাধ্যমে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের প্রায় সবটাই কেসিনোতে জুয়ার আসরে হাত বদল হয়।  ফিলিপাইন সরকার জুয়ার আসর থেকে প্রায় দেড় কোটি ডলার উদ্ধার করতে পারলেও বাকী অর্থের কোনো খোঁজ মেলেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.