Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের চার কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাসের প্রশ্নপত্র

এসএসসি পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র সচিবদের ভুলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে শুরু এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভুলের তথ্য জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

যে চার কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেগুলো হল চট্টগ্রাম নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

তবে কত জন পরীক্ষার্থী এই ভুলের শিকার হয়েছেন, তা জানাতে পারেনি শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, এবার বাংলা পরীক্ষা ২০১৬, ২০১৮ এবং ২০১৯ সালের সিলেবাসের প্রশ্নপত্র অনুসারে হওয়ার কথা। এর মধ্যে চারটি কেন্দ্রে কেন্দ্র সচিবদের ভুলে ২০১৯ সালের সিলেবাসে যাদের পরীক্ষা দেওয়ার কথা, তাদের মাঝে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত চারটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কত জন শিক্ষার্থীর ক্ষেত্রে এটা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানাতে পারব।

তবে এতে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যবস্থা অবশ্যই করা হবে বলে জানান মাহবুব হাসান।

মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীর বাবা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ব্যবস্থাপনায় এ ধরণের গাফিলতি কোনোভাবে মেনে নেয়া যায় না। এতে যদি পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পড়ে তাহলে তার জন্য কারা দায়ী হবে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.