Sylhet Today 24 PRINT

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের পটিয়ায় বাস ও হাইস মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার ভায়েরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া থানার এ এস আই মো. সোহাগ।

তিনি জনান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩জন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। এছাড়া আহত হয় বেশ ক’জন যাত্রী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন আনোয়ার হোসেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের পটিয়া ও সাতকানিয়া স্টেশন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়া থেকে ১১ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তারা হলেন আলী আহমদ (৪০), ফরহাদ (২৫), ইরফান (৩৫), আহমদ হোসেন (৫৫), রাশেদুল ইসলাম (৩২), হাসান (২৫), দিলীপ (৫০), নাসির উদ্দিন (৪৫), তৌকির আহমদ (১৫), সাকিব (২২) এবং অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২৫ বছর বয়সী একজন।

এর মধ্যে মাইক্রোবাসের চালক সাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি সাতকানিয়ার নতুন হাট এলাকার ইছাক মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.