Sylhet Today 24 PRINT

খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিষক্রিয়ায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা দেখতে চাই না।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কঠোর অবস্থান ঘোষণা করেন।

তিনি বলেন, "খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন ধ্বংসের অধিকার কারও নেই। খাদ্যে ভেজাল দেয়াও এক ধরনের দুর্নীতি। এটা বন্ধ করতেই হবে। তাই খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে।"

প্রধানমন্ত্রী বলেন, "মানুষের খাদ্য নিশ্চিতের পাশাপাশি পুষ্টিহীনতা দূর করতেও উদ্যোগ নেয়া হয়েছে। এবারের নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ-সবল জাতি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ যা খুবই সময়োপযোগী। আমরা প্রথমবার সরকারে আসার পরই দেশে পুষ্টিহীনতা দূর করার জন্য নানা ধরনের প্রকল্প হাতে নিই। যদিও পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দেয়।"

শেখ হাসিনা বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলাদাভাবে বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষ করে দিয়েছি।তবে এক্ষেত্রে মানুষকে সচেতন করতে হবে। দেশের মানুষের নিরাপদ খাদ্য আমরা দেবো এবং নিশ্চিত করবো।"

তিনি বলেন, "বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাদ্যের চাহিদা কখনও শেষ হয় না। এর চাহিদা থাকবেই। আমরা চাহিদা অনুযায়ী খাদ্য যোগান দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার দেশীয় মাছ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আজ মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। শুধু মাছ নয় ডিম, দুধ, মাংস এসব আমিষ জাতীয় খাদ্য উৎপাদনেও বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা পুষ্টিকর খাদ্যের ওপর বিশেষ নজর রাখছি।"

শেখ হাসিনা বলেন, "বর্তমান সরকার খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণের বিষয়েও কাজ করছে। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ভর্তুকিসহ নানা ধরনের উদ্যোগ নিযেছি।"

তিনি বলেন, "বর্তমান সরকার খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণের বিষয়েও কাজ করছে। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ভুর্তকিসহ নানা ধরনের উদ্যোগ নিযেছি।আমরা নতুন করে দেশজুড়ে সাইলো তৈরি করে দিচ্ছি। ২৭ লাখ মেট্রিকটন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.