সিলেটটুডে ডেস্ক | ০৩ ফেব্রুয়ারী, ২০১৯
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোল অর্জনে বড় বাধা তথ্য ঘাটতি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ‘এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় তথ্য-উপাত্তের অভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি নিয়ে পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে না পারাটা দুঃখজনক বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। একই সঙ্গে তিনি আরো বলেন, পরিসংখ্যান ব্যুরোকে এমনভাবে প্রস্তুত করা হবে যাতে ভবিষ্যতে এরকম সমস্যা আর না হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এসডিজির বড় লক্ষ্য অর্জনে ব্যক্তিখাতের অবদান গুরুত্বপূর্ণ। তবে কিছু ক্ষেত্রে তথ্যের অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে বিশ্বাসযোগ্য তথ্য নেই। আবার কিছু ক্ষেত্রে একেবারেই তথ্য নেই। সারা দেশে এসডিজি অর্জনের তথ্য পেতে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কিছু খাতের উন্নয়ন তুলে ধরে এম এ মান্নান বলেন, দেশে ইন্টারনেটে ব্যাপক উন্নত হয়েছে। বিদ্যুতের উন্নতি অভাবনীয়। বিদ্যুতের সফলতা আমরা ভোটের মাঠে পেয়েছি।