Sylhet Today 24 PRINT

মাদকের মামলা নিষ্পত্তিতে ৬ মাসের সময় বেঁধে দিল হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে সেসব মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তিন বছর ধরে কারাগারে থাকা এক মাদকের আসামির জামিন শুনানি করতে গিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের পাশাপাশি আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

আদেশের পর ইউসুফ মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

সকল জেলার ডিসি, এসপি, ওসি ও আইওকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে হবে এবং এক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানায় আদালত।

এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী আনাসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে। তা না হলে তাদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.