Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের ‘কালো ব্যাজ’ ধারণ বিকেলে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টায় কর্মসূচি শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে বলে জানান গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। কর্মসূচিতে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন বলেও জানান তিনি।

জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ জানুয়ারি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।

পাশাপাশি জোট ঐক্যফ্রন্ট প্রার্থী ও ভুক্তভোগী ভোটারদের অংশগ্রহণে জোট ২৪ ফেব্রুয়ারি একই স্থানে গণশুনানির আয়োজন করবে।

বিএনপি ও গণফোরামসহ পাঁচ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে এর ফল প্রত্যাখ্যান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.