Sylhet Today 24 PRINT

দেশ ও জাতির কল্যাণে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

দেশ ও জাতির কল্যাণে সশস্ত্র বাহিনীকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর গ্র্যাজুয়েটসদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এক সময় বিশ্ববাসী দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও প্রাকৃতিক দুর্যোগের জন্য চিনতো। তবে সে অবস্থা এখন আর নেই। আমাদের জিডিপি বেড়েছে। রাস্তাঘাটের উন্নতি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলেছে। মানুষের আয় এবং জীবনযাত্রার মানও বেড়েছে। সুনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে।’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা ছিল আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত। দুর্নীতির অভিযোগ তুলে অনেকেই যখন সেতু নির্মাণ থেকে সরে দাঁড়ায়, তখন আমরা বলেছিলাম নিজস্ব অর্থায়নে সেতু করবো। এই একটি সিদ্ধান্তই বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি বদলে দিয়েছে। বিশ্ববাসী এখন জেনেছে আমরাও পারি।’

রাজধানী ঢাকার সঙ্গে অন্যান্য জেলার এবং সামগ্রিকভাবে পুরো দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে এ কাজে সেনাবাহিনীর সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.