সিলেটটুডে ডেস্ক | ০৭ ফেব্রুয়ারী, ২০১৯
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনায় তৃতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় তৃতীয় দিনের অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানের শুরুতে ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে বুধবার কামরাঙ্গীরচরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকা থেকে ২১১টি এবং মঙ্গলবার নবাবচর এলাকায় ২৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।
তিনি বলেন, এর আগে ২৯ জানুয়ারি থেকে তিনদিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন সে সময় জানিয়েছেন, ঢাকা সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দুই তীরে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবই ভাঙা হবে।