Sylhet Today 24 PRINT

গুগল-ফেসবুকের রাজস্ব ফাঁকির রিপোর্ট না পাওয়ায় হাই কোর্টের অসন্তোষ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

সার্চ ইঞ্জিন গুগল, ইউটিউব ও ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তদন্ত শুরু না করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ এ অসন্তোষ প্রকাশ করেন।

রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী গুগল, ইউটিউব ও ফেসবুকসহ ইন্টারনেট ভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তদন্ত করে প্রতিবেদন দাখিলের আজ (বৃহস্পতিবার) দিন ঠিক করা ছিল। কিন্তু কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

এ কারণে আদালত ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ৭ মার্চ প্রতিবেদন দাখিল না করলে আদালত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

২০১৮ সালের ১৮ এপ্রিল গুগল ও ফেসবুকসহ ইন্টারনেট ভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। এছাড়া ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি ও বিভিন্ন ধরনের লাইসেন্স বিক্রির ফিসহ যেকোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ টাকা পরিশোধ করা হয়, তার থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়।

পাশাপাশি ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেন হাই কোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.