নিউজ ডেস্ক | ৩১ জুলাই, ২০১৫
আজ মধ্যরাত থেকে ভারত ও বাংলাদেশের ইতিহাসে অনন্য এক অধ্যায় রচিত হতে যাচ্ছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে দুই দেশের ১৬২টি ছিটমহলের মানুষের জাতীয়তা বদলে যাবে, অবসান ঘটবে ৬৮ বছরের অপেক্ষার।
চুক্তি অনুযায়ী, ভারতের ১১১টি ছিটমহল ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হবে। একইভাবে ভোর থেকে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যাবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেয়া হয়।
বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরার মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি (এলবিএ) এবং ২০১১ সালের প্রটোকল অনুযায়ী উভয় দেশের ছিটমহল বিনিময় বাস্তবায়ন হচ্ছে।
এদিকে বাংলাদেশে নতুনভাবে অন্তর্ভুক্ত জমি সংযুক্ত করে এবং বহির্ভূত জমি বাদ দিয়ে একটি গেজেট নোটিফিকেশন জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বাংলাদেশের ভূ-খণ্ড হিসেবে অন্তর্ভুক্ত ছিটমহলগুলোতে বসবাসরত ভারতীয় নাগরিক হিসেবে থাকার অপশন প্রদানকারীরা ছাড়া অন্যান্যরা বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন।
আর ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা বিবেচিত হবেন ভারতীয় নাগরিক হিসেবে।
আর ঐতিহাসিক এ সিদ্ধান্ত শুনে বাঁধভাংগা উচ্ছাসে মেতেছেন ছিটবাসী জনগন। তাদের বহুদিনের বোনা স্বপ্ন ফল দিতে চলেছে।
অন্তত: এই ক্ষনটিকে স্মরনীয় করে রাখতে প্রতিটি মোড়ে ওই এলাকার জনগণ তোরণ নির্মান করেছেন। কেউ টানিয়েছেন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার। সাথে রয়েছে ইন্দিরা-মুজিব চুক্তির সেই বিশেষ মুহূর্তের ছবিও।