সিলেটটুডে ডেস্ক | ১০ ফেব্রুয়ারী, ২০১৯
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আরো দুজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মনোনয়নের কথা জানানো হয়।
তারা হলেন- পাবনার নাদিয়া ইয়াসমিন ও নাটোরের রত্না আহমেদ। নাদিয়া ও রত্না নিজ নিজ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য সমাজকর্মী আরমা দত্ত ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এই দুজনকে নিয়ে সংরক্ষিত নারী আসনে তাদের মনোনীত প্রার্থীর সংখ্যা হল ৪৩ জন।
বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি আসন পাবে।
দশম সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের সাংসদ ছিলেন ৩৯ জন। তাদের মধ্যে শুধু মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা এবং চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।