Sylhet Today 24 PRINT

এক মাসের মধ্যে মাদক ও অস্ত্র মামলার তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

মাদক ও অস্ত্র মামলার তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। পুলিশের আইজি ও সব এসপিকে এ আদেশ বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) নরওয়ে প্রবাসী ড. নুরুল ইসলাম শেখকে মাদকের মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়ে বিচারপতি জাহাঙ্গির হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

একই সঙ্গে মাদক ও অস্ত্র মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন আদালত। অন্যথায় সংশ্লিষ্ট আদালতে মামলার তদন্ত শেষ না করার বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

নরওয়ে প্রবাসীকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার কারণে গাজীপুরের জয়দেবপুর থানার এসআই মো. আব্দুল হালিমকে ওই থানা থেকে দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহারের জন্য গাজীপুরের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এসআই আব্দুল হালিমকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়েছে।

আদালতে নুরুল ইসলাম শেখের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। এসআই আব্দুল হালিমের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।

জানা যায়, ২০১৮ সালের ২৯ নভেম্বর এসআই মো. আব্দুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ ১০ পিস ইয়াবাসহ রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে রাজু আহমেদের স্বীকারোক্তির ভিত্তিতে নরওয়ে প্রবাসী নুরুল ইসলামসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। এরপর নুরুল ইসলাম ওই মামলায় আগাম জামিন চাইতে হাই কোর্টে আবেদন করেন।

জামিনের শুনানিকালে আদালত দেখতে পান, নুরুল ইসলাম একজন নরওয়ে প্রবাসী এবং পিএইচডি ডিগ্রি হোল্ডার। ১০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তাকে অভিযুক্ত করায় আদালত বিষয়টি তদন্তের আদেশ দেন। আদালতের ওই আদেশের এক সপ্তাহের মধ্যে নুরুল ইসলামকে অভিযোগ থেকে বাদ দিয়ে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে।

পরে এ মামলার বাদী জয়দেবপুর থানার এসআই আব্দুল হালিমকে তলব করেন হাই কোর্ট। মঙ্গলবার শুনানি শেষে ওই এসআইকে সতর্ক করে দিয়ে আদালত রায় দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.