Sylhet Today 24 PRINT

আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি হেফাজতের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

আহমদিয়া সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। পাশাপাশি পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য তাদের তিন দিনব্যাপী ইজতেমা বন্ধ ঘোষণারও দাবি জানিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং এর আমির শাহ আহমদ শফীর আহ্বানে চট্টগ্রামে হেফাজতের কার্যালয়ে  বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের পক্ষে লিখিত বক্তব্য দেন শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী। লিখিত বক্তব্যে দাবি করা হয়, বিভিন্ন দেশ, আদালত ও প্রতিষ্ঠান আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করেছে। সিরিয়া ১৯৫৭ সালে, মিসর ১৯৫৮ সালে এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ১৯৭৪ সালের ৭ সেপ্টেম্বর তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে। এভাবে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারসহ বহু দেশ তাদের ‘কাফের’ ঘোষণা করেছে।

এতে আরও বলা হয়, ‘দেশের প্রচলিত আইন অনুসারে অন্যান্য ধর্মের অনুসারীরা যতটুকু নাগরিক অধিকার ও ধর্মপালনের স্বাধীনতা ভোগ করে থাকে, আহমদিয়া সম্প্রদায়ও ততটুকু নাগরিক অধিকার ও ধর্মপালনের স্বাধীনতা নিয়ে সংখ্যালঘু হিসেবে বসবাস করুক। তবে তা তাদের নিজস্ব ও স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে হতে হবে, মুসলমান পরিচয়ে নয়।’

সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা নোমান মেখলী, মাওলানা মঈনুদ্দিন রুহী, সদস্য মাওলানা নুরুল ইসলাম, মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আশ্রাফ আলী নিজামপুরী, নাছির উদ্দিন মুনির, সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.