Sylhet Today 24 PRINT

মালয়েশিয়াগামী ১২ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে মালয়েশিয়াগামী ১২ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কক্সবাজার জেলার সদর থানাধীন বাজারঘাটা এলাকার ফজল মার্কেটের বিপরীতে হোটেল রাজমনিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করে র‍্যাব।

র‍্যাব জানায়, বেশ ক'জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে জোরপূর্বক অপহরণ এবং প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে  জড়ো করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭, চট্টগ্রাম এর একটি বিশেষায়িত আভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানব পাচারকারী চক্রের সদস্য মো. নুরুল ইসলাম (২১) মো. জাহেদ আলম (২৭)-কে আটক করে র‌্যাব।

এ সময় ওই স্থান থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ জন মিয়ানমার নাগরিককে উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত ভিকটিমরা হলো : মো. হাসিম উল্লাহ (১৮), মো. ইব্রাহীম (২২), মোসা. সাজিদা (১৯), মোসা. সাজিদা (২৫), মোসা. সুকুরা (১৮), মোসা. নূর বেগম (২২), মো. আলম (২১), মো. যুবায়ের (১৭), মো. কামাল হোসেন (২৫), মো. হোদয়েত উলস্নাহ (২০), মো. ইসমাইল (৩৫) ও মো. আমীর হোসেন (২৫)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। আর পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.