সিলেটটুডে ডেস্ক | ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
দেশের কল্যাণ এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় ও জোবায়েরপন্থিদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে মোনাজাত শুরু হয়ে ১১টা ৪ মিনিটে শেষ হয় তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার মাওলানা জোবায়ের অনুসারীদের পর্ব।
আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহমাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হযরত মাওলানা মুহাম্মদ জোবায়ের। তিনি আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন।
সকালে দিক-নির্দেশনামূলক বয়ানের পর লাখ লাখ মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা ১০টা ৪০ মিনিটে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। কান্নায় বুক ভাসান তারা। ২৪ মিনিট ব্যাপী মোনাজাতে মাওলানা জোবায়ের প্রথম ১৩ মিনিট আরবীতে এবং শেষ ১১ মিনিট বাংলায় দোয়া করেন। মুঠোফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাধে দেশ-বিদেশের আরো লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে বিমানবন্দর গোল চত্বর কিংবা উত্তরা ও জয়দেবপুর চৌরাস্তা থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। এদিন রাজধানী ঢাকা ছিল প্রায় ফাঁকা। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু বন্ধ ছিল।
শনিবার আখেরি মোনাজাত শেষে মধ্যরাতের আগে মাওলানা জোবায়ের অনুসারী মুসল্লিগণ ইজতেমা মাঠ ত্যাগ করবেন। আর মাঠ বুঝিয়ে দেয়া হবে প্রশাসনের কাছে। প্রশাসন মাওলানা সা’দ অনুসারীদের কাছে ময়দান বুঝিয়ে দেবেন। পরে রোববার বাদ ফজর থেকে বিশ্ব ইজতেমার মাওলানা সা’দ অনুসারীদের পরিচালনায় দ্বিতীয় অংশ শুরু হবে। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।
মাওলানা জোবায়ের মোনাজাতে বলেন, হে আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করে দেন। হে আল্লাহ আমাদের আপনার বান্দা হিসাবে কবুল করে নেন। জিন্দেগিতে আমাদের যত পাপ আছে তার সব মাফ করে দেন। সারা বিশ্বের মুসলমানদের আপনি শান্তি কবুল করে দেন। জিন্দেগি থেকে নাফরমানি দুর করে দেন।
মোনাজাতে আরও বলা হয়, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তোমার কাছেই তো আমরা ক্ষমা চাইব। দ্বীনের ওপর আমাদের চলা সহজ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও। আমরা যেন তোমার সন্তুষ্টি মাফিক চলতে পারি সে তওফিক দাও। দুনিয়ার সব বালা-মুসিবত থেকে আমাদের হেফাজত করো। নবীওয়ালা জিন্দেগি আমাদের নসিব করো।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদফতর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়। এর মধ্যে গণযোগাযোগ অধিদফতর ইজতেমা ময়দান থেকে আব্দুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতু ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগ দেয়া হয়।
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর ও টঙ্গীর সকল কারখানায় ছুটি ছিল। ফলে এবার এসব কারখানার শ্রমিকদের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে সমস্যা হয়নি।