Sylhet Today 24 PRINT

শাজাহান খানের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সে আলোকে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘হতাশ হবেন না। সাময়িক কিছু সমস্যায় আছি।’

এর আগে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ও শ্রমিক-মালিক নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.