Sylhet Today 24 PRINT

রোববার দিল্লিতে বসছে বিজিবি-বিএসএফ বৈঠক

নিউজ ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৫

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এর বৈঠক রোববার (০২ আগস্ট)  দিল্লিতে অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

সংশ্রিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিজিবি-এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। আর ভারতীয় পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠক। 

বৈঠকে সীমান্তকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ রাখা নিয়ে আলোচনার পাশাপাশি চোরাচালান, নারী পাচার, অনুপ্রবেশ ও জাল নোট পাচারের বিষয়টি প্রাধান্য পাবে বলে সূত্র জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বছরের জুনে ভারতীয় নরেন্দ্র মোদি ঢাকা সফর করেছেন। এ সময় জাল মুদ্রা প্রতিরোধ, মাদকপাচার রোধসহ বিভিন্ন চুক্তি সই হয়। এসব চুক্তির বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। 

সূত্র বলছে, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ ও ভারতের ভেতরে কোনো ছিটমহলে বিজিবি কিংবা বিএসএফ-এর সদস্যরা এখন নিরাপত্তা টহলে নিয়োজিত থাকছেন না। 

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, চীন ও পাকিস্তানের সঙ্গে এখনও ভারতের সমস্যা চলছে। কিন্তু সীমান্ত নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সমস্যার সমাধান হয়েছে। 

এজন্য দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি। 

সূত্র বলছে, জাল মুদ্রা পাচার রোধ নিয়ে পাকিস্তানের সঙ্গেও ভারতের একটি চুক্তি হয়েছে। কারণ পাকিস্তানে বিভিন্ন জাল মুদ্রা ছাপানো হয়। পরে তা সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে পাচার করা হয়। এ বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে। 

ছয় দিনব্যাপী এই বৈঠক শেষ হবে ৭ আগস্ট শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.