Sylhet Today 24 PRINT

কাউন্টার টেরোরিজম ভবন থেকে রিমান্ডে থাকা ‘জঙ্গির’ লাফ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকার মিন্টো রোডে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ভবনের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন রিমান্ডে থাকা এক সন্দেহভাজন জঙ্গি।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জিজ্ঞাসাবাদ চলাকালে মিলাদ হঠাৎ লাফ দিয়ে ভাবনের বাইরে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, প্রথমে বিদ্যুতের তারে লেগে পরে সে নিচে একটি গাড়ির ছাদের ওপর পড়ায় প্রাণে বেঁচে যায়।

তিনি বলেন, এ ব্যাপারে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

পুলিশ জানায়, শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ নামের ওই ২৬ বছর বয়সী যুবক নব্য জেএমবির সদস্য। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ১৫ ফেব্রুয়ারি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মিলাদকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা’ পরিকল্পনার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পরে রিমান্ডে নেয় কাউন্টার টেরোরিজম পুলিশ।

সড়কের পাশে কাউন্টার টেরোরিজম ইউনিটের আটতলা ভবনের মাঝামাঝি অংশে বারান্দার সঙ্গে কাচের স্লাইডিং ডোর আছে। ঘটনার সময় পঞ্চম তলায় ওই কাচের অংশটি খোলা ছিল। সেখান দিয়েই মিলাদ লাফিয়ে পড়েন বলে জানান পুলিশ কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.