Sylhet Today 24 PRINT

আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছুক্ষণ আগে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম।

মোনাজাতের আগে বাদ ফজর ভারতের হাফেজ ইকবাল হাসিব নায়ের উর্দুতে বয়ান করেন। তার বয়ান বাংলায় তরজমা করেন ওসামা বিন ওয়াসিব। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা শামীম।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের আগে থেকেই মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে যেতে শুরু করেন। ভোররাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কেও যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, ইজতেমাকে কেন্দ্র করে সম্প্রতি কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের এবং দিল্লির মাওলানা সাদপন্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ইজতেমার দায়িত্ব নেয় সরকার। ইজতেমা শুরুতে স্থগিত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় বিবাদমান দুটি পক্ষকে নিয়ে ঢাকায় সভা করে।

ওই সময় সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে দুই পক্ষ বিশ্ব ইজতেমা করতে রাজি হয়। পরে ধর্ম মন্ত্রণালয় থেকে মাওলানা জোবায়ের পক্ষকে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এবং সাদপন্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দেওয়া হয়। সাদপন্থীদের আবেদনের প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় আখেরি মোনাজাত পরিচালনার সময় নির্ধারণ করে দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মোনাজাতের মধ্য দিয়ে দুই পক্ষের এবারের বিশ্ব ইজতেমা শেষ হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.