Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসছে বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

আগামীকাল বুধবার বসছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনে তুলে জাজিরার দিকে নেওয়া হচ্ছে। সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের মধ্যে বসবে এই স্প্যান।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে মাওয়া থেকে স্প্যানটি ৩ হাজার ৬০০ ট‌ন ক্ষমতাসম্পন্ন একটি ক্রেনে তুলে জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল সকালে পিলারের ওপর এটি তোলা হবে।

সেতু প্রকল্পের ঊর্ধ্বতন প্রকৌশলীরা জানান, জাজিরা প্রান্তে সেতুর শেষ পিলার ৪২ থেকে ৩৬ নম্বর পিলারের মধ্যে এখন পর্যন্ত ৬টি স্প্যান বসানো হয়েছে। আর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পুরো প্রকল্পের ৬৩ ভাগ কাজ এগিয়েছে। এখন থেকে প্রতি মাসেই এভাবে পিলারের ওপর স্প্যান বসতে থাকবে।

চার বছর আগে বছর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিলো গত বছরের ডিসেম্বরে। তবে প্রকৃতির প্রতিকূলতায় ২০২০ সালের শেষে যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু। এর নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।

এখন পর্যন্ত পদ্মা সেতুতে পানির ওপর ও নিচের পাইল বসানো পুরোপুরি শেষ হয়েছে ১৮৮টির। শুধুমাত্র পাইলের নিচের অংশ বসানো শেষ হয়েছে ১১টির। আর ২২০টি পাইল বানানো শেষ হয়েছে। এছাড়া পিয়ারের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে ১৫টি।

অন্যদিকে, স্প্যান বসানো হয়েছে ৭টি, বাকি আছে ৩৪টি। মোট ৪১টি স্প্যান এবং ৪২ খুঁটিতে পূর্ণরূপ পাবে ৬ কিলোমিটারের বেশি লম্বা এই পদ্মা সেতু।

এরমধ্যে যেসব পিয়ারে ৬টি করে পাইল বসছে সেগুলো হলো- পি২-পি৫, পি১৩-পি১৪, পি১৬-পি১৮, পি২০-পি২৩, পি৩৭-পি-৪১, এবং যেসব পিয়ারে ৭টি করে পাইল বসছে সেগুলো হলো- পি৬-পি১২, পি১৫, পি১৯, পি২৪-পি৩৬। তবে এখনও স্কিন গ্রাউটেডে ৭৭টি পাইল বসানোর কাজ বাকি রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.