সিলেটটুডে ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০১৯
চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শ্রম মন্ত্রণালয় থেকে নিহতদের ১ লাখ ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রীর মুন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান আবু সুফিয়ান এ ঘোষণা দেন। একই সাথে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সমবেদনা সমবেদনা জানিয়েছেন তিনি।
চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় শনাক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।