সিলেটটুডে ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০১৯
কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সমুদ্রে এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটক ১১ জন হলেন- মিয়ানমার মংডু টাউনশিপের মংনিপাড়ার গ্রামের বাসিন্দা মাঝি মোহাম্মদ নবী (২০), কবির আহমেদ (৩৫), আমানুল্লাহ (১৮), তারেক উল্লাহ (১৪), কামাল উদ্দিন (২০), মোহাম্মদ ছাবের (১৮), মোহাম্মদ রিয়াজ (১৪), মোহাম্মদ শাকের (১৬), মোহাম্মদ ফয়সাল (১৬), মোহাম্মদ রহমত উল্লাহ (১৯), মোহাম্মদ রিয়াজ (১৮)।
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল সমকালকে জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবা একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। ট্রলারটি থেকে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিল- সেটি জানতে আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।