Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খননকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি এ কাজের উদ্বোধন করেন।

টানেল সাইটে নদীর প্রস্থ ৭০০ মিটার এবং পানির গভীরতা ৯-১১ মিটার। প্রস্তাবিত টানেলের দৈর্ঘ্য তিন হাজার ৪০০ মিটার।

২০১৫ সালের ২৪ নভেম্বর টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই হয়।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু বলেন, আট হাজার ৮৮০ কোটি টাকা ব্যয়ে টানেলটি বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। ২০২২ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরকে বাইপাস করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে চট্টগ্রাম শহরের যানজট কমে যাওয়াসহ সময়ও কমে যাবে।

মন্ত্রণালয় থেকে জানা গেছে, কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগে রয়েছে নগর ও বন্দর এবং অন্য ভাগে রয়েছে ভারী শিল্প এলাকা। কর্ণফুলী নদীতে এরই মধ্যে তিনটি সেতু নির্মিত হয়েছে। তবে এসব সেতু যানবাহন চলাচলের জন্য যথেষ্ট নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.