Sylhet Today 24 PRINT

চুড়িহাট্টা ট্র্যাজেডি: দগ্ধ ৯ জনই আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

রাজধানীর চকবজারের চুড়িহাট্টা এলাকায় আগুনের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ নয়জনকেই আইসিইউতে রাখা হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

রোববার (২৪ ফেব্রুয়ারি) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ কথা জানান।

আইসিইউতে ভর্তি নয়জন হলেন- আনোয়ার হোসেন (৪৫) বার্ন ২৮ ভাগ, রেজাউল করিম (২১) বার্ন ৫১ ভাগ, মো. সোহাগ (২২) ৬০ ভাগ, জাকির হোসেন (৩৫) বার্ন ৩৫ ভাগ, মোজাফফর হোসেন (৩২) ৩০ ভাগ, মাহমুদ হক (৫৭) বার্ন ১৩ ভাগ, মো. সেলিম (৪৫) বার্ন ১৪ ভাগ, মো. হেলাল (১৮) বার্ন ১৬ ভাগ, মো. সালাউদ্দিন(৩৫) বার্ন ১০ ভাগ।

ডা. সামন্তলাল সেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে এসছিলেন। এ সময় তিনি রোগীদের ৫০ হাজার টাকার অনুদান দেন। রোববার দুপুরে আহতদের দেখতে আসবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর আহতদের স্বজনদের হাতে এই অনুদানের টাকা দেওয়া হবে।’

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন পুড়ে ৬৭ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.