Sylhet Today 24 PRINT

গর্ভে শিশু গুলিবিদ্ধ: প্রধান আসামি ছাত্রলীগ নেতা সুমন গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

মাগুরায় যুবলীগের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে (৩০) আটক করেছে র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক ক্ষুদে বার্তায় জানানো হয়, রোববার দুপুরে রাজধানীর কল্যাণপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

এই মামলা নজরুল ইসলাম (৩৫) নামের আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশ। রোববার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সুমন হোসেন ও সোবহান নামে আরো দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

২৩ জুলাই জেলার দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই সময় সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম (৩০), তার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬০) এবং মিরাজ (৩০) নামে অপর এক যুবক আহত হয়। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। একদিন পর হাসপাতালে মমিন মারা যান।

গুলিবিদ্ধ নাজমা বেগমকে ওই রাতেই অস্ত্রোপচারের পর একটি কন্যা শিশুর জন্ম হয়। এরপর গুলিবিদ্ধ ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাউল হক বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী ইগল পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.