Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বিমান \'ছিনতাইকারী\'

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন ওই উড়োজাহাজে থাকা যাত্রী সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। বিজি-১৪৭ ফ্লাইটটি থেকে নামার পর বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি।

এর আগে তিনি সাংবাদিকদের জানান, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এরপর থেকেই এটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা।

উড়োজাহাজ থেকে অন্য যাত্রীরা বের হয়ে আসতে পারলেও ভেতরে রয়ে যান দুইজন ক্রু। এদের সঙ্গে 'ছিনতাইকারীও' ভেতরে রয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই উড়োজাহাজ থেকে একজন অস্ত্রধারীকে বের করে আনা হয়েছে।

মঈনুদ্দিন খান বাদল জানান, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান। অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলেন ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সমকালকে বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে। উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা তিনটার পর ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ওই উড়োজাহাজটি। দুবাইগামী উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম সাংবাদিকদের জানান, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.