সিলেটটুডে ডেস্ক | ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন বলেছেন, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএনবাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ডফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি জটিল বিষয় উল্লেখ করে বলেন, এই সংকটের কোনো একতরফা সমাধান নেই। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা চালাতে হবে। তবে এই সমস্যা সমাধানে এর মধ্যেই কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। আশার কথা হচ্ছে এই ইস্যুতে রাশিয়া এবং গণচীন তার পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।
তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যে অভ্যন্তরীণ কৌশল নেয়া হয়েছে তাতে আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। অনেকদিন ধরে এই সমস্যা চললে এ অঞ্চলে কিছু অনিশ্চয়তা দেখা দিবে এবং কোনো রাষ্ট্রের জন্যেই তা মঙ্গলজনক হবে না।
ড. এ. কে আবদুল মোমেন বলেন, অনেকেই মনে করেন জাতিসংঘে কোনো সংকট উত্থাপন করলেই তার সমাধান হয়ে যায়। ইরান-ইরাক এবং সিরিয়া সংকটও কিন্তু জাতিসংঘ সুরাহা করতে পারেনি। বাসস