Sylhet Today 24 PRINT

ইংরেজি না জেনেও অনেক দেশ উন্নতি করেছে: পরিকল্পনামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

ইংরেজি না জেনেও অনেক দেশ উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি বলেছেন,  নিজের মাতৃভাষাকে অবহেলা করে উন্নত দেশে পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। জাপান, চীন ও কোরিয়াসহ পৃথিবীর অনেক দেশের মানুষ ইংরেজি জানেন না বা কম জানেন। কিন্তু তারা তো আজ অনেক উন্নতি করেছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অন্যদিকে লাওসসহ বিভিন্ন দেশের মানুষ ইংরেজিতে কথা বলে। কিন্তু তারা তো উন্নত হতে পারছে না। সুতরাং উন্নত জাতি হতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে পরিশ্রম করতে হবে। নিজের সংস্কৃতি, নিজের মাতৃভাষাকে অবহেলা করা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা আর পেছনে পড়ে থাকতে চাই না। আমরা আমাদের দায়িত্বটুকু যথাযথভাবে পাল করতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দোষ না দিতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমরা আমাদের কাজকে আরো অগ্রসর করবো। আমরা আগে যে অবস্থানে ছিলাম তার থেকে একটু এগোতে হবে আমাদের। যাতে নিজেদের সম্মানটা বজায় থাকে।

তিনি আরো বলেন, সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উন্নয়ন ও অগ্রযাত্রা আরো বেগবান হবে।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ স্মরণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জনাব নুরুল আমিন বলেন, আমরাই সৃষ্টি করেছি ত্যাগের মহত্ব। আমরা বঙ্গবন্ধুর এক কথায় যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই আমরাই পারবো আরেকটু ত্যাগের মাধ্যমে আমাদের দেশটাকে আরো সুন্দর করে সাজাতে।

আলোচনা সভায় বাংলাভাষার অবস্থান তুলে ধরে যুগ্ম সচিব সাজেদুল কাইয়ুম দুলাল বলেন, বর্তমানে বাংলাদেশে ৪০টির বেশি ভাষা আছে। এর বেশ কিছু ভাষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যাবহার করে। আর এই ৪০টি ভাষার মধ্যে আটটি ভাষার বর্ণ আছে। তিনি বিশ্বে বাংলা ভাষার অবস্থান তুলে ধরেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, আর্ত ও সমাজ উন্নয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, শামিমা নার্গিস সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.