Sylhet Today 24 PRINT

ছিনতাইয়ের কবলে পড়া দুবাইগামী যাত্রীরা আজ গন্তব্যে যাবেন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ছিনতাইচেষ্টার কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজের দুবাইগামী যাত্রীদের আজ (সোমবার) নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটির দুবাইগামী যাত্রীদের রোববার রাতেই তাদের গন্তব্যে পাঠানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। আজ তাদের দুবাই পাঠানো হবে।

বিমান সূত্র জানায়, দুবাইগামী যেসব যাত্রী ঢাকা থেকে উড়োজাহাজটিতে উঠেছিলেন, তাদের চট্টগ্রামের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। তাদের নিয়ে আজ দুবাই যাবে উড়োজাহাজ। এ ছাড়া চট্টগ্রাম থেকেও ফ্লাইটটিতে দুবাইগামী যাত্রী রয়েছেন। তারাও আজ দুবাই যাবেন।

প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মডেলের। ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। প্রাথমিকভাবে ছিনতাইকারীর নাম মাহাদী বলে জানা যায়। তার পুরো পরিচয় পাওয়া যায়নি। উড়োজাহাজটি ছিনতাইচেষ্টার কারণও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.