Sylhet Today 24 PRINT

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে দুই ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসানের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠনের কথা জানান।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা চালান এক যুবক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি অবতরণের পর কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি দশা থেকে বিমানটি মুক্ত করা হয়। এতে নিহত হন ওই যুবক। নিহত যুবকের নাম মাহাদী বলে জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাঈম হাসান জানিয়েছেন, তিনি পারিবারিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.