Sylhet Today 24 PRINT

মর্গে অস্ত্রধারী তরুণের লাশ, আসেননি কোন স্বজন

বিমান ছিনতাইচেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত অস্ত্রধারী তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। সেখানে তার কোনো স্বজন আসেননি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের দেখা মেলেনি। এই সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।

অজ্ঞাতপরিচয় হিসেবে তরুণের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় নগরের পতেঙ্গা থানার পুলিশ।

পতেঙ্গা থানার কনস্টেবল শংকর নাথ জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে লাশটি মর্গে পাঠানো হয়। লাশটি মর্গে আনার পর এ পর্যন্ত নিহত তরুণের কোনো স্বজন সেখানে আসেননি।

নিহত তরুণের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুমন দে।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তরুণের গায়ের রং শ্যামলা। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। তার বুকের দুই পাশে চামড়ায় জখমের দাগ রয়েছে। পাঁজরের বাম পাশে শুকনো রক্তের দাগ। পেটের উপরিভাগে নাভির ২ ইঞ্চি ওপরে ডান পাশে একটি গোলাকার ক্ষতচিহ্ন।

তরুণের মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তার মন্তব্য ঘরে লেখা রয়েছে, কমান্ডো অভিযানে অজ্ঞাতনামা ব্যক্তি (তরুণ) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় আজ বেলা ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আলম চৌধুরী বলেন, মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে।

রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। ২৫ বছর বয়সী ওই তরুণের নাম মাহাদী বলে রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক ব্রিফিং জানানো হয়।

তবে তার পুরো পরিচয় পাওয়া যায়নি। উড়োজাহাজটি ছিনতাইচেষ্টার কারণও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.