Sylhet Today 24 PRINT

বিমান ছিনতাই চেষ্টাকারীর নাম র‌্যাবের অপরাধীর তালিকায়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারীর নাম ও পরিচয় প্রকাশ করেছে র‍্যাব। র‍্যাবের তথ্যমতে জানা গেছে তার নাম মো. পলাশ আহমেদ। সে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা। পলাশ বিমানের ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেইজ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পলাশের ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে ডাটাবেইজের একজন অপরাধীর তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে। সে সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি।

তবে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’, তার বয়স ২৬/২৭ বছর।

সে সময় তার বিস্তারিত পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য তারা জানাতে পারেননি। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি একটি ‘খেলনা পিস্তল’ বলে চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান রোববার রাতে জানিয়েছিলেন।

বিমানের পেসেঞ্জার লিস্টের বরাত দিয়ে র‌্যাব বলছে, নিহত ওই যুবক ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে চড়েন চট্টগ্রামে যাওয়ার জন্য। চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির।

মুফতি মাহমুদ খান বলছেন, পেসেঞ্জার লিস্টে ওই যাত্রীর নাম ছিল AHMED/MD POLASH, সিট নম্বর 17A।

তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য পলাশ আহমেদের নাম র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে যুক্ত করা হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.