সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০১৫
সরকারি ও বেসরকারি খাতের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে সাবেক ছিটমহল যা ১ আগস্ট থেকে বাংলাদেশের অংশ হয়ে গেছে সেখানে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর- করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) অর্থ ব্যয়ের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত ওইসব এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে।
রবিবার (২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দীর্ঘ ৬৮ বছর পর ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এসব অঞ্চলে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া প্রয়োজন।
এরই ধারাবাহিকতায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআর বাজেট থেকে ওইসব অঞ্চলের উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে।
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি এবং ভারতের মধ্যে থাকা ৫১টি ছিটমহল বিনিময় কার্যকর হয়।