সিলেটটুডে ডেস্ক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গতকাল সোমবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন নিহত পলাশের বাবা। এরপর সব প্রক্রিয়া শেষে তার লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গ্রামের বাড়িতে নেওয়া হয়।
এ ব্যাপারে পলাশের বাবা পিয়ার জাহান বলেন, "তার লাশ গ্রহণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। প্রশাসন আমাদেরকে ডাকায় সোমবার রাতে আমি তার লাশ নিতে চট্টগ্রামে যাই।"
তিনি আরো বলেন, "পতেঙ্গা পুলিশের কাছ থেকে লাশ নিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছাই। সকাল সাড়ে ৯টার দিকে তাকে দাফন করা হয়।"
রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনার তুঙ্গে চলে আসে পলাশ।
তার অতীত কর্মকাণ্ডের কথা উঠে আসতে থাকলে বিস্মিত হন সকলে। নারায়ণগঞ্জের এই যুবক কেন হঠাৎ ‘অস্ত্র হাতে’ ও ‘বোমাসদৃশ’ বস্তু শরীরে নিয়ে বিমান ছিনতাইয়ের মতো দুঃসাহসিক আর ঝুঁকিপূর্ণ কাজে নামল, তা পরিষ্কার নয় তার বাবার কাছেও। এমনকি পলাশের মূল উদ্দেশ্য নিয়ে গোয়েন্দারা সন্দেহাতীত কোনো তথ্য পাননি। তবে বিশেষজ্ঞদের ধারণা, এ ঘটনায় জড়িত যুবক ‘বিষাদগ্রস্ত’ ছিল।