Sylhet Today 24 PRINT

সিমেন্ট ব্যবহারে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

নির্মাণ উপকরণ সিমেন্ট ব্যবহারে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২০তম। যুক্তরাজ্যভিত্তিক সিমেন্ট খাতের পোর্টাল সেমনেট ডটকম প্রকাশিত ‘গ্লোবাল সিমেন্ট রিপোর্ট’ এর সর্বশেষ সংস্করণে এই তথ্য জানানো হয়।

প্রতি দুই বছর পর পর বিশ্বের সিমেন্ট খাতের তথ্য–উপাত্ত নিয়ে এই সমীক্ষা প্রকাশ করে তারা। ২০১৭ সালে সর্বশেষ প্রকাশনা বের করে ওয়েব পোর্টালটি।

ওই প্রকাশনায় বলা হয়, দেশভিত্তিক সিমেন্ট ব্যবহারে শীর্ষে রয়েছে চীন। এরপরের অবস্থান ভারতের। ২০১৬ সালে চীনে সিমেন্ট ব্যবহার হয় ২৩৯ কোটি টন। ভারতে ব্যবহার হয় প্রায় ২৯ কোটি টন। বাংলাদেশে ব্যবহার হয় ২ কোটি ৩০ লাখ টন। ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ২৩তম।

এই জরিপের ভিত্তিতে বলা যায় সিমেন্ট ব্যবহারে বাংলাদেশের অবস্থান দুই বছরের ব্যবধানে তিন ধাপ এগিয়ে এই অবস্থায় উন্নীত হয়েছে।

বিশ্বের ১৫৯টি দেশে সিমেন্ট উৎপাদিত হয়। দেশভিত্তিক সিমেন্ট ব্যবহারে চীন ও ভারতের পরের অবস্থান হলো যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিসর ও ব্রাজিল। বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে ফিলিপাইন, আলজেরিয়া, জার্মানি, থাইল্যান্ড ও পাকিস্তান।

সিমেন্ট ব্যবহারে শীর্ষ ২০–এর তালিকায় থাকলেও জনপ্রতি সিমেন্ট ব্যবহারে শীর্ষ তালিকায় নেই বাংলাদেশের নাম। জনপ্রতি সিমেন্ট ব্যবহারে শীর্ষ দেশ হলো মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কাতারে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সিমেন্টের ব্যবহার বেশি হচ্ছে। ২০১৬ সালে কাতারে জনপ্রতি ২ হাজার ৯৫০ কেজি সিমেন্ট ব্যবহার হয়। পরের অবস্থান মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের। সেখানে সিমেন্টের জনপ্রতি ব্যবহার ১ হাজার ৯২২ কেজি। জনপ্রতি ১ হাজার ৭০২ কেজি সিমেন্ট ব্যবহার করে শীর্ষ তিনে রয়েছে চীন। জনপ্রতি সিমেন্ট ব্যবহারে শীর্ষ ১০টি দেশের মধ্যেই সাতটিই মধ্যপ্রাচ্যে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের হিসাবে বিশ্বে সিমেন্টের গড় ব্যবহার জনপ্রতি ৫৬৩ কেজি। ওই বছর বাংলাদেশে জনপ্রতি সিমেন্ট ব্যবহার হয়েছিল ১৪১ কেজি। তবে বাংলাদেশে জনপ্রতি সিমেন্টের ব্যবহার বাড়ছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সম্প্রতি প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে দেশে জনপ্রতি সিমেন্টের ব্যবহার ছিল ১৮৪ কেজি। সাত বছর আগে ২০১১ সালে তা ছিল ৯৪ কেজি। এ হিসাবে সাত বছরের ব্যবধানে জনপ্রতি সিমেন্টের ব্যবহার দ্বিগুণ বেড়েছে। অবশ্য সিমেন্ট প্রস্তুতকারক সমিতির হিসেবে দেশে জনপ্রতি সিমেন্টের ব্যবহার এখন ১৯০ কেজি।

বছরে মোট সিমেন্ট ব্যবহারের পরিমাণকে জনসংখ্যা দিয়ে ভাগ করে জনপ্রতি সিমেন্ট ব্যবহারের হিসাব করা হয়। বাংলাদেশে সিমেন্ট ব্যবহার তিনটি খাত হলো সরকারি অবকাঠামো, গৃহনির্মাণ ও বেসরকারি আবাসন খাত। বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির হিসেবে দেশে এখন ৩১টি কোম্পানির সিমেন্ট কারখানা রয়েছে ৪০টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.