Sylhet Today 24 PRINT

নাম ভাঙিয়ে পরিবারের সদস্যরা সুযোগ নিলে ছাড় নয়: মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

চাকরি বা অন্য ক্ষেত্রে আমার নাম ভাঙিয়ে কেউ কোনো ব্যাপারে অন্যায়ভাবে সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করলে আমাকে জানান। এ ক্ষেত্রে আমার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনই যে-ই হোক না কেন, এ ব্যাপারে কোনো ছাড় নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়তে হলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে এগিয়ে যেতে হবে।’

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা  এ আহ্বান জানান।

সংসদ সদস্য হওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে এটাই তাঁর প্রথম বৈঠক। এসময় তিনি আগামী প্রজন্মের জন্য নড়াইলকে একটি সুন্দর ও বাসযোগ্য মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি, আধা সরকারি সংস্থার কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চান।

এসময় মাশরাফি বলেন,‘নড়াইলকে সুন্দর, শক্তিশালী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। এ স্বপ্ন পূরণ করাটাই আমার মূল লক্ষ্য। বর্তমান সরকারের আমলে সারা দেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় নড়াইলেরও সার্বিক উন্নয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

অবহেলিত নড়াইলের উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে মাশরাফি বলেন, ‘স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন, নদীভাঙন রোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে ক্রীড়ামুখী করা, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ সার্বিক উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাব।’

নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইয়ারুল ইসলাম,নড়াইল পৌরসভার মেয়র মো.জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সহসভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.