Sylhet Today 24 PRINT

ভোটার কম থাকার দায় ইসির নয়, রাজনৈতিক দলগুলোর: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এএম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই আজ দুই সিটির নির্বাচনে ভোটারের উপস্থিতি যে কম, এর দায় ইসির না। দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোরই।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নিজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসিকে ‘ভোটারবিহীন’ এ নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলেন তিনি বলেন, এ নির্বাচন ভোটারবিহীন নয়। ভোটার উপস্থিতি কম। তবে দিন শেষে এই উপস্থিতি কিছুটা বাড়বে। তবে সার্বিক বিবেচনায় ভোটার উপস্থিতি কম।

ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে দুটো কারণের কথা উল্লেখ করেন সিইসি। নুরুল হুদা বলেন, একটি কারণ হলো, এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের। ফলে ভোটারদের আগ্রহ কম। আবার এখানে সব দল অংশ নেয়নি। এতেও উপস্থিতি কম হয়েছে।

নির্বাচনে উপস্থিতির হার কম হওয়ায় নির্বাচন কমিশনের দায় আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন কমিশন ভোটের পরিবেশ তৈরি করে। ভোটারদের তারা বাড়ি বাড়ি গিয়ে আনে না। এ কাজ করে প্রার্থী ও রাজনৈতিক দল। তাই উপস্থিতি কমের দায় তাদের।

নির্বাচনে সব দল যে এল না ইসি কি তার দায় নেবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, এটা রাজনৈতিক দলের দায়। এখানে নির্বাচন কমিশনের কোনো দায় নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.