সিলেটটুডে ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে গোলাগুলি ও পাল্টাপাল্টি বিমান বিধ্বস্তের পর বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ভারত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তান শাসিত কাশ্মীরে ঢুকে ভারতের বিমান হামলার পর থেকে চরম উত্তেজনা চলছে ওই সীমান্তে। ওই দিনই পাল্টা গোলাবর্ষণের পর বুধবার পাকিস্তান ভারতের দুটি বিমান ভূপাতিত করে এক বিমানসেনাকে আটকও করেছে। ওই সীমান্তে এই যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে জানান।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরা জোরদার করে প্রতিরোধমূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে উত্তেজনার সুযোগে এদিক দিয়ে যাতে কোনো দুষ্কৃতকারী কিংবা সন্ত্রাসী ঢুকতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে সুন্দরবনও রয়েছে। সেখানেও কড়া পাহারা বসিয়েছে ভারত।