Sylhet Today 24 PRINT

চুড়িহাট্টায় দগ্ধ আরেকজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৯

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবক শুক্রবার (১ মার্চ) সকালে মারা গেছেন।

দগ্ধদের মধ্যে আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ২১ বছর বয়সী রেজাউলের শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এনিয়ে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে তিনজন মারা গেলেন। এর আগে তিনজনকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্ন ইউনিটে ভর্তি তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এনিয়ে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সরকারি হিসাব মতে ৭০ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.