Sylhet Today 24 PRINT

চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৯

চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধ হয়ে জাকির হোসেন (৩৫) নামে আরো একজন মারা গেছেন। শনিবার (২ মার্চ) সকাল ৮টায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

এদিন সকাল ৮টার দিকে জাকিরকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, জাকিরের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। জাকিরের মৃত্যুর পর এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন দুজন।

এর আগে শুক্রবার রেজাউল (২২) নামের আরেকজন মারা যান হাসপাতালে। এ ছাড়া গত সোমবার রাতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগ নামের দু’জনের মৃত্যু হয়।

গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে চুড়িহাট্টা মসজিদের পাশের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দু'টি হেলিকপ্টারসহ যোগ দেয় বিমান ও নৌবাহিনীর সদস্যরাও।

প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। গুরুতর দগ্ধ ৯ জনকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে। তাদের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.