Sylhet Today 24 PRINT

বান্দরবানে আটক মিয়ানমারের সেনা সদস্যকে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমারের এক সেনা সদস্যকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপির) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নাইক্ষ্যংছড়ির ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। তার নাম অং বো বো থিন।

আটকের সময় তার পরনে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক ছিল উল্লেখ করে বিজিবি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ওই সেনা সদস্য জানিয়েছেন তিনি মিয়ানমার সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আরও জানান, রোববার বিজিবি ও বিজিপির বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১১ ব্যাটালিয়নের লে. কর্নেল আসাদুজ্জামান। মিয়ানমারের বিজিপির ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ১নং সেক্টরের ব্রিগেডিয়ার জেনারেল মিং তং। বৈঠকে দু’ দেশের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.