Sylhet Today 24 PRINT

মনসুর-মোকাব্বিরের শপথ ৭ মার্চ, জানালেন স্পিকারের সচিব

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকব্বির খান ৭ মার্চ শপথ নেবেন বলে জানিয়েছেন স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ। তিনি জানান বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৩ মার্চ) সকালে জাতীয় সংসদের স্পিকারের দপ্তর থেকে দুই সাংসদকে চিঠি দিয়ে জানানোর জন্য সংসদের আইন শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্পিকারের একান্ত এ সচিব।

এর আগে ৭ মার্চ শপথ নেওয়ার ইচ্ছা জানিয়ে শনিবার (২ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরী বরাবর পৃথকভাবে চিঠি দেন গণফোরাম থেকে নির্বাচিত দুই সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

বহু নাটকীয়তার পর গতকাল শনিবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন গণফোরামের এই দুই নেতা। ঐতিহাসিক ৭ মার্চ শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাঁরা। তবে তাঁদের চিঠির বিষয়ে কিছুই জানেন না গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

এর আগে একাধিকবার শপথ না নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। একাদশ সংসদ নির্বাচনের পর ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করে ঐক্যফ্রন্ট। তাই জোট থেকে নির্বাচিত আটজনের কারও শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের অক্টোবরে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। পরে এতে যোগ দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। পরে নির্বাচনে গণফোরামের দুজন ও বিএনপির ছয়জন জয়ী হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.