Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৯

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি হয়েছে।

বুধবার (৬ মার্চ) কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রীর কিডনি ও রক্তে সংক্রমণের যে সমস্যাগুলো ছিল, তাও এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

বুধবার মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে বসে সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানার পর সেখানে সাংবাদিকদের ব্রিফ করেন বঙ্গবন্ধু মেডিকেলের ডা. আবু নাসির রিজভী।

তিনি আরও বলেন, সব প্যারামিটার্সগুলো দিন দিন ভালোর দিকেই যাচ্ছে। উনার কিডনি এখন খুবই স্টেবল আছে। উনার ইনফেকশনের রেট এখন অনেক কমে গেছে। ব্লাড কাউন্ট যেটা ২৬ হাজার ছিল সেটা এখন ১২ হাজারে চলে আসছে। ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কনডিশন, প্রেসার এবং হার্টবিট এখন খুব ভালো আছে।

ডা. রিজভী বলেন, সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য তার শরীরের সঙ্গে যে ‘আর্টিফিশিয়াল ডিভাইসগুলো’ লাগানো রয়েছে সেগুলো আগামী ২/১ দিনের মধ্যে খুলে ফেলার কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। হয়তো কালকে কিছু খুলে ফেলবে। আগামী শুক্রবার দিন বাকিগুলো খুলে ফেলবে।

এদিকে বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, মাউন্ট এলিজাবেথের ডাক্তারদের মতামত তারা ডা. আবু নাসের রিজভীর কাছ থেকে নিয়মিতভাবে জানতে পারছেন। কাদের ভাইয়ের সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে কাদের ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, কবে নাগাদ কাদেরের বাইপাস সার্জারি কবে করা সম্ভব হবে, তা বুঝতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, মন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাতে বৃহস্পতিবার দুপুরে আবার ব্রিফ করবে মাউন্ট এলিজাবেথের মেডিকেল বোর্ড।

ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।

সেদিন রাতেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করেন।

মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর তারা বলেন, কাদেরের কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করে আগামী কয়েক দিনের মধ্যে তারা বাইপাস সার্জারি করার কথা ভাবছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.