সিলেটটুডে ডেস্ক | ০৭ মার্চ, ২০১৯
ঢাকার মহানগর দায়রা ও জেলা জজ আদালতে একটি লিফট ছিঁড়ে পড়ে আইনজীবীসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালতের পুরনো ভবনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আইনজীবী সুলতান, নাহার, সোয়াদ, আইয়ুব আলী এবং কোর্ট স্টাফ আমিনুল হক ও লিফট ম্যান জাহাঙ্গীরের নাম জানা গেছে।
কোতোয়ালি থানার এএসআই হাসানুজ্জামান বলেন, আহতদের বাহাদুর শাহ পার্কের পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা তিনি শুনেছেন।
জজ আদালতের আইনজীবী স্বরাজ চ্যাটার্জি বাপ্পা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ওই লিফট দিয়ে পুরনো আদালত ভবনের চার তলা পর্যন্ত ওঠানামা করে। লিফটটি অনেক পুরনো, জরাজীর্ণ অবস্থায় ছিল। আইনজীবী সমিতির আর পিডব্লিউডির প্রকৌশলীদের অবহেলায় এই অবস্থা হয়েছে। আমরা প্রাণে বেঁচে গেছি।